ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে তখন মায়ামি এগিয়ে ২-০ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধ শুরুর ৪ মিনিট পরেই মায়ামি দলে খেলোয়াড় বদলীর সংকেত। অ্যাসিস্ট্যান্ট রেফারির বোর্ডে লাল কালিতে ১০ নাম্বার লেখা দেখেই চমকে উঠতে হলো। মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন লিওনেল মেসি।
সে সময়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ন্যাশভিল কোচ গ্যারি স্মিথ বলেন, ‘ধন্যবাদ ঈশ্বর।’ ততক্ষণে ন্যাশভিলের জন্য কফিন প্রস্তুত করে ফেলেছেন মেসি। সুয়ারেজকে বল বানিয়ে দিয়ে প্রথম গোল করিয়েছেন। দ্বিতীয় গোলটি করেছেন নিজেই। সবই প্রথমার্ধে, ২৩ মিনিটের মধ্যে।
অবশ্য মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো পরে জানিয়েছেন, ‘মেসির এতো জলদি মাঠ ছাড়া তার পরিকল্পনার মধ্যে ছিল না।’ ডান পায়ের অস্বস্তির জন্যই তাকে উঠিয়ে নেওয়া হয়। তাহলে কি আবার ইনজুরিতে পড়েছেন মেসি!
সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না। হেরনস কোচের ভাষ্যমতে, ‘ডান পোস্টেরিওরে (হিপ অঞ্চলে) অস্বস্তির কারণে গোড়ালির দিকের অংশে অতিরিক্ত ওজনবোধ করছিলেন মেসি। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। দেখতে চেয়েছিলাম আর কিছু সময় চালিয়ে যেতে পারে কি না। কিন্তু ওর অস্বস্তি লাগছিল। তাই তাকে উঠিয়ে নেওয়াই শ্রেয় মনে হয়েছে।’
শনিবার এমএলএসের ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসির খেলা এখন সংশয়ের মধ্যে পড়ল। মার্তিনো বলেছেন, ‘আমি অবশ্যই কোনো ঝুঁকি নিতে ইচ্ছুক নই। আমার ধারণা ওই ম্যাচে আমরা মেসিকে পাবো না। পরীক্ষা করানো হবে, মূল্যায়ন বাকি রয়েছে, দেখি মেসির উন্নতি কোন পর্যায়ে হয়।
ধারণা করা হচ্ছে ডান পায়ের হ্যামস্ট্রিং কিংবা গ্লুটিয়াস (হিপ অঞ্চলে) কোনো সমস্যার জন্যই অস্বস্তিতে ভোগেন মেসি। মেসি যদি ইনজুরিতে পড়েন কিংবা এ সমস্যা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে না পারেন তবে চলতি মাসেই আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে খেলাও শঙ্কার মধ্যে পড়বে।
শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেবেন মেসি। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ফিলাডেলফিয়ায় ২২ মার্চ এল সালভাদর এবং লস অ্যাঞ্জেলেসে ২৬ মার্চ কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’ জানিয়েছে, এ সময় মায়ামির হয়ে দুটি ম্যাচে মেসির না খেলার সম্ভাবনাই বেশি। ২৩ মার্চ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না সম্ভবত জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে। আর ৩০ মার্চ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
