আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, অস্ত্রসহ আটক ৫

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম

নাটোর আদালত চত্বর এলাকায় রাতুল ইসলামক (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নতুন আইনজীবী ভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত রাতুল কানাইখালী মহল্লার রাজু হোসেনের ছেলে। নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার মো. রাইজুল ইসলামের ছেলে মো. সজীব (৩০), বঙ্গজলের মো. সেকেন্দারের ছেলে মো. সুমন (৩৫), কানাইখালীর মো. শওকতের ছেলে মো. শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার মো. সবুরের ছেলে মো. সবুজ (২৭) এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মাহমুদুল হাসান সোহাগ (৩০)।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত