নেত্রকোণার কলমাকান্দায় দিলীপ চন্দ্র রায় (৫০) নামের এক মাদকসেবীকে এব বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ আদেশ দেন। সাজা পাওয়া দিলীপ চন্দ্র রায় উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কলমাকান্দা সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দীলিপকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে বিষয়টি ইউএনও আসাদুজ্জামানকে জানানো হয়। তিনি এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী দিলীপকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, মাদকসেবন অবস্থায় দিলীপ চন্দ্র রায়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর দণ্ডপ্রাপ্ত হয় দিলীপ। পরে তাকে নেত্রকোণা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সাজা পাওয়া ব্যক্তি মাদক সেবনের কথা শিকার করেছেন। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।
