ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ২৯

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:০২ এএম

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয় কমপক্ষে ২৯ জন।

গাজার পৃথক দুটি স্থানে ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েল এ হামলা চালায়। এছাড়া হামলায় আহত হয় আরও দেড় শতাধিক মানুষ।

আজ শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার গাজা উপত্যকায় দুটি পৃথক ইসরায়েলি হামলার ঘটনায় সহায়তার অপেক্ষায় থাকা কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে একটি ঘটনায় ৮ ফিলিস্তিনি এবং অন্য ঘটনায় ২১ ফিলিস্তিনি নিহত হয়। তারা সবাই ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রথম ঘটনায় মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত ক্যাম্পে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলায় আটজন নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার একটি গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ভিড়ে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করলে অন্তত ২১ জন নিহত এবং আরও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়।

অবশ্য ত্রাণপ্রার্থীদের ওপর হামলার কথা অস্বীকার করে ইসরায়েল এটিকে ‘মিথ্যা’ বলেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, যেহেতু আইডিএফ সকল ঘটনাকে পুঙ্খানুপুঙ্খতার সাথে মূল্যায়ন করে, আমরা মিডিয়াকে একই কাজ করার এবং শুধুমাত্র বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত