প্রথম লেগে কারাবাগের মাঠে ২-০ গোলে পিছিয়ে থাকার পর যোগ করা সময়ের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে লেভারকুসেন। সেদিন ৯২ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে ছিলেন প্যাট্রিক শিক।
গতকাল দ্বিতীয় লেগেও ৬৭ মিনিটের মাথায় ২-০ গোলের লিড নেয় কারাবাগ। অনেকেই হার দেখছিলেন বুন্দেসলিগায় ক্লাবটির।
কিন্তু ১০ জনের কারাবাগের ওপর সুনামি বয়ে দিল জাবি আলোনসোর দল। ৭২ মিনিটে প্রথম গোল খেলেও কারাবাগ কিন্তু লিড ধরে রেখেছিল যোগ করা সময়ের ৩ মিনিট পর্যন্ত। এরপর আবারও সেই শিকের চমক। এবার যোগ করা সময়ে একটি নয়, তিনি গোল করলেন দুটি। যার শেষটি আসল শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে।
শিকের জোড়া গোলে বিদায়ের পথে থাকা লেভারকুসেন পেল ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়। এ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩৭ ম্যাচে নিয়ে গেল জার্মান ক্লাবটি।
একই রাতে ইউরোপিয়ান কনফারেন্স লিগের ম্যাচে আয়াক্সের বিপক্ষে ৪-০ গোলে (দুই লেগ মিলিয়েও ৪-০) জিতেছে অ্যাস্টন ভিলা। এ জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ আটের মুখ দেখল ভিলা পার্কের ক্লাবটি। আরেক ম্যাচে স্লাভিয়া প্রাগকে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এসি মিলান।
