জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ক্ষোভসহ উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনার তদন্ত সাপেক্ষে অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কমিশন।
শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের হয়রানিসহ নৈতিক স্খলনের যেসব ঘটনা দৃষ্টিগোচর হচ্ছে, তা কমিশনকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। নারী শিক্ষার্থীরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে এবং শিক্ষার্থী বান্ধব সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরির জন্য মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন শিক্ষাপ্রতিষ্ঠানে চলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা প্রমাণ করে শিক্ষাঙ্গনে আমাদের নৈতিকতা ও শুদ্ধাচারের দিকে বিশেষ জোর দেওয়া প্রয়োজন। উন্নত মানসিকতা ও মূল্যবোধ বিকাশ ছাড়া শিক্ষাঙ্গন অপূর্ণ থেকে যাবে। তাই শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।’
বিবৃতিতে তিনি অবন্তিকার আত্মহত্যার ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে কমিশন কর্তৃক ইতিমধ্যে প্রস্তুতকৃত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরিত যৌন হয়রানি নিরোধ আইনের খসড়া যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করে দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান।
সাবেক সচিবের মেয়ের ‘পেশা’ চুরি, আয় কয়েক কোটি!
বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস