বাবার পাশে চিরনিদ্রায় অবন্তিকা

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৫:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে বাবা অধ্যাপক মো. জামাল উদ্দিনের কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরতলির শাসনগাছা মহাজন বাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে অবন্তিকাকে দাফন করা হয়।

এ সময় স্বজনরা ছাড়াও এলাকাবাসী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লা সরকারি কলেজ মাঠের একই জায়গায় এক বছর আগে অবন্তিকার বাবা অধ্যাপক মো. জামাল উদ্দিনের জানাজা হয়েছে। আজ একই স্থানে মেয়ের হলো।

এর আগে ময়নাতদন্ত শেষে দুপুর ১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বাগিচাগাঁওয়ের বাসার সামনে আনা হয় অবন্তিকার মরদেহ।

শুক্রবার (১৫) মার্চ রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। মৃত্যুর আগে ফেসবুক পোস্টে আত্মহত্যার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করেন তিনি।

এদিকে এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে শনিবার বিকেল তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত