বেলাবতে অজ্ঞাত গাড়ির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:১৮ পিএম

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত গাড়ির চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার পুড়াদিয়া-আগরপুর সড়কের চর লতিফপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর ভাটিপাঁড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে মোস্তুফা মিয়া (৫৭) ও একই গ্রামের মধ্যপাঁড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুর এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চেপে তিনজন যাত্রী বেলাব উপজেলার পুড়াদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। চর লতিফপুর এলাকায় পৌঁছার পরই একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই মোস্তুফা মারা যান। অন্যদিকে এক হাত বিচ্ছিন্ন হয়ে মুরশিদ মিয়া নামে আরেক যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুঘর্টনায় মোস্তুফা মিয়াকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার কোমর থেকে কাঁধ পর্যন্ত শরীরের একপাশ থেঁতলে গিয়েছিল। তাঁর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, অজ্ঞাত গাড়ির চাপায় নিহত মোস্তুফা মিয়ার স্বজনরা হাসপাতালে এসে লাশ সনাক্ত করেছেন। বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই ঘটনায় একহাত বিচ্ছিন্ন হয়ে মুরশিদ মিয়া নামের আরেকজন যাত্রীও মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত