অবন্তিকার আত্মহত্যা

রিমান্ড শেষে কারাগারে শিক্ষক দ্বীন ইসলাম 

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৪:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

এর আগে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে দ্বীন ইসলামকে পুনরায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের বিচারক মো: আবু বকর সিদ্দিক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুইদিন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার (১৭ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে থেকে তাদেরকে গ্রহণ করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল। 

প্রসঙ্গত, শুক্রবার (১৫) মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। নিহত অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত