বগুড়ায় ব্যবসায়ী রাজ্জাক হত্যা, বিচার চেয়ে রাস্তা অবরোধ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৩২ পিএম

বগুড়ার নামুজায় গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যার রহস্য উদঘাটন ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী রাস্তা অরবোধ করে মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নামুজা চৌমোহনী বন্দর এলাকার এ কর্মসূচি পালন করা হয়।

নিহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২০২৩ সালের ১০ মে রাত ৯টার দিকে নামুজা শাহপাড়া এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ১১ মে অজ্ঞাতদের আসামি করে নিহতের স্ত্রী সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার ১০ মাস অতিবাহিত হলেও এখনো কোনও আসামি ধরা পড়েনি। বর্তমানে আব্দুর রাজ্জাক হত্যা মামলাটি পিবিআই বগুড়ায় তদন্তে রয়েছে।

মঙ্গলবার বগুড়া সদরের নামুজা চৌমোহনী এলাকায় সহস্রাধিক এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে মানববন্ধন শুরু করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী আবেদা বেগম, বোন নারগিছ, জামাই মোমিন শেখ, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম আলম, বর্তমান মেম্বার বজলু ও রুবেল, শিহাব উদ্দিন, মাহফুজ, মুকুল হায়দার, রবিউল ইসলামসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনও আসামি ধরা পড়েনি। এই মামলার কোনও কূল কিনারা হয়নি। এলাকার মাঝে একজন মানবিক মানুষ পরিচিত ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি সবসময় বিপদে মানুষের পাশে দাঁড়াতেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেন। ঘটনার দিন রাতে তাকে বাড়ির পাশেই কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। পরের দিন তার স্ত্রী আবেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। সেই মামলা বর্তমানে পিবিআই বগুড়াতে তদন্তে রয়েছে। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চিহ্নিত আসামিরা ধরা পড়ছে না। তাই অতি দ্রুত আব্দুর রাজ্জাক হত্যার আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

এদিন দুপুর আড়াইটার দিকে হত্যা মামলার তদন্তের বিষয়ে পিবিআই বগুড়ার এসআই রফিকুল ইসলাম বলেন, আমরা মামলাটি পেয়েছি, বিভিন্ন দিকে লক্ষ রেখে তদন্ত করা হচ্ছে। যেহেতু মামলায় আসামিদের নাম উল্লেখ নেই, সেহেতু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশা করছি খুব দ্রুত এই মামলার রহস্য উদঘটনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত