জ্যোতি বললেন

অস্ট্রেলিয়া বাংলাদেশকে হালকাভাবে নেয়নি

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম

মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সংবাদ সম্মেলনে জ্যোতির কাছে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজটি সবচেয়ে বড় কি না। জবাবে জ্যোতি বলেন, 'সো ফার দেখেন অবশ্যই, তারা বেটার সাইড বিশ্বের এবং বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা বড় একটা অভিজ্ঞতা দলের জন্য। আমরাও যেভাবে খেলে আসছি, গত ৬/৭ মাস ক্রিকেট খেলছি তারা অবশ্যই আমাদের হালকাভাবে নেয়নি যদি তাদের স্কোয়াড দেখি (শক্তিশালী স্কোয়াড)। বিশ্বকাপও (আসন্ন ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে) এখানে।'

অস্ট্রেলিয়ার সাথে সিরিজে বাংলাদেশ কোথায় এগিয়ে থাকবে এমন প্রশ্নে জ্যোতি বলেন, 'প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা।'

তবে অস্ট্রেলিয়া দলের অনেকেই খেলে এসেছেন নারী আইপিএল। সেটি উল্লেখ করে জ্যোতি বলেন, 'সম্প্রতি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।'

বাংলাদেশ অধিনায়কের মনে হচ্ছে দলের ব্যাটিং আগের চেয়ে উন্নতি করেছে। 'যদি আমাদের দিক থেকে চিন্তা করি রিসেন্টলি যখন সাউথ আফ্রিকা থেকে খেলে আসছি আমাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে। যখন হোমে খেলেছি ভারত পাকিস্তানের সাথে তখন মনে হয়েছে বোলিংটা অনেক বেশি শক্তিশালী। এটা ভালো দিক দলের জন্য। এখন গুরুত্বপূর্ণ কালকের দিনে কে কিভাবে, কোন ইউনিট থেকে বেশি কনট্রিবিউট করতে পারে দলের জন্য।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত