সারারাত বৃষ্টির পরও সকালে বায়ুদূষণের শীর্ষ তিনে ঢাকা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:০৯ এএম

গত পরশু দুপুরের পর থেকে এই রোজায় বৃষ্টির শুরু। গতকাল থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গতকাল সারাদিন আকাশ কম-বেশি মেঘলা ছিল। ঢাকা মহানগরে তারাবি নামাজের পর থেকেই ধীরলয়ে বৃষ্টি শুরু হয়। সাহরি শেষেও রোজাদাররা বৃষ্টি মাথায় নিয়েই ফজরের নামাজ পড়তে যান। সেই বৃষ্টি থেমে আসে ভোরোর পর। সকালে আকাশের মুখ ভার। বেশ ঠাণ্ডা ঠাণ্ডা পরিকবেশ, তবুও নাগরিক বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে তিনে অবস্থান করছে ঢাকা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ু-মান-সূচকে ১৬৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ৩ নম্বর অবস্থানে আছে ঢাকা, মানের বিচারে যা ‘অস্বাস্থ্যকর’।

এসময় ২০৭ স্কোর নিয়ে ‘খুব অস্বাস্থ্যকর’ পাকিস্তানের লাহোর আছে তালিকার ১ নম্বরে। তালিকায় ২ নম্বরে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭০। আর ঢাকার মতো ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয়। আর ১ কম অর্থাৎ ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে সেনেগালের রাজধানী ডাকার।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত