ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সংস্থাটি বলছে, দেশের আটটি বিভাগের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিও হতে পারে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে আজ দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৩৬ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ২৭, সৈয়দপুরে ২৩, রংপুরে ২২, টাঙ্গাইল ও ডিমলায় ১৯, বগুড়ায় ১৭, চুয়াডাঙ্গায় ১২, ঈশ্বরদী ও তাড়াশে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
