মাঝপথে বিপিএল ছেড়ে দেয়ার প্রায় দুই মাস পর মাঠে ফিরেই চমক দেখালেন মাশরাফী বিন মোর্ত্তজা। অসাধারণ বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ জয় এনে দিয়েছেন তিনি।
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফী। মূলত রাজনৈতিক দায়িত্ব পালনের জন্যেই বিপিএল থেকে বিরতির ঘোষণা দেন সাবেক এই অলরাউন্ডার।
ধারণা করা হচ্ছিল, খেলার মাঠেই আর ফিরবেন না তিনি। কারণ পুরো বিপিএলে না খেলার পর রূপগঞ্জের হয়ে প্রথম তিনটি ম্যাচেও খেলেননি তিনি। ৪০ বছর বয়সী এই পেসার আজকের ম্যাচেও ছিলেন অনিশ্চিত। যদিও শেষপর্যন্ত বিকেএসপি'র তিন নম্বর মাঠে খেলতে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফী। লিস্ট 'এ' ক্রিকেটে এ নিয়ে অষ্টমবারের মতো ৫ উইকেট নিলেন তিনি।

দলের পঞ্চম বোলার হিসেবে ১১তম ওভারে বোলিংয়ে আসেন মাশরাফী সেই ওভারের পঞ্চম বলেই প্রীতম কুমার এবং আনিসুল ইসলামের জুটি ভাঙেন তিনি। অফ স্টাম্পের ওপর পিচ করে হালকা থেমে আসা ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন প্রিতম, যা সহজেই লুফে নেন মাশরাফী।
নিজের চতুর্থ ওভারে মাশরাফী নেন দুই উইকেট। স্লো মিডিয়াম পেসে আউটসুইংয়ে হালকা বেরিয়ে যাওয়া বলেতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির হোসেন শিকদার (৬)। এর এক বল পরই লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফয়সাল আহমেদ (০)।
পরের ওভারে আবারও উইকেট নেন মাশরাফী। তাকে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে শামীম পাটোয়ারির হাতে ধরা পড়েন মইন খান। ইনিংসের ২৩তম ওভারে মাহফুজুর রহমান রাব্বিকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন মাশরাফি। তার শর্ট বলে পুল করে মিড উইকেটে ক্যাচ দেন মাহফুজুর।
মাশরাফীর এমন বোলিংয়ে গাজী গ্রুপ ১৩৬ রানেই গুটিয়ে যায়। পরে রূপগঞ্জ ২৮ ওভারেই ম্যাচ জিতে নেয় ম্যাচ। তাদের পক্ষে অনূর্ধ্ব ১৯ দলের চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪৪ বলে ৪৭, তৌফিক খান তুষার ৩৬ এবং শামী পাটোয়ারী ১৬ বলে ২৬ রান করেন।
আবাহনী-প্রাইম ব্যাংকের মতো চার ম্যাচে চার জয় পেলো রূপগঞ্জ।
