সাভারে জমিসংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশুসহ চারজনকে মারধর করে আহত করার ঘটনায় বাবাসহ আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিজয় ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উত্তর গাজীরচট ভূইয়া বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার উত্তর গাজীরচট এলাকায় ভুক্তভোগী পরিবারকে মারধর করা হয়।
মারধরের ঘটনায় শুক্রবার আশুলিয়া থানায় মামলা করেন তারিন আক্তার নূপুর। পরে মামলার প্রেক্ষিতে আসামি গাজীরচট এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম খান (৪৫) ও তার ছেলে মো. বিজয় ইসলাম সাগর (২৫)-কে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীরা হলেন একই এলাকার বাসিন্দা মো. রাজিব মোল্লা (৩৪), তার স্ত্রী তারিন আক্তার নূপুর (২৫), তিন বছরের শিশু সন্তান রায়হান রহমান ও শাশুড়ি তারানা বেগম (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুক্তভোগীর শিশু সন্তান অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে চড়-থাপ্পড় দেয় সাগর। এতে তার গাল ফেটে রক্ত বের হয়। তার চিৎকারে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তারানাকেও মারধর করে। ছেলে ও মায়ের চিৎকারে এগিয়ে গেলে তারিন ও তার স্বামীর ওপরও চড়াও হয় অভিযুক্তরা।
এসময় তাদের লাঠি ও রড দিয়ে পেটায় অভিযুক্তরা। এতে তারানার স্বামীর পিঠে, দুই হাঁটুর নিচে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এছাড়া দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। বাধা দিতে গেলে তারানাকেও চড়-থাপ্পড়সহ শ্লীলতাহানি করে। মারধরের পর হত্যার হুমকিও দেয়। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সাগর ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
