নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউজকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রি করায় ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। শনিবার (২৩ মার্চ) দুপুরে বন্দরের মদনপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউজে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফ্রিজিং ওষুধ নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
