ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড। ইঞ্জিন বিকল হওয়ায় জেলেরা সাহায্য চেয়ে ৯৯৯-এ যোগাযোগ করে। তারই প্রেক্ষিতে শনিবার (২৩মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন জানান, গত ১৫মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এফ,বি হানিফ মুন্সী নামক মাছ ধরার একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে যায়। গত ১৯মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। পরে বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান। পরে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ওই ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে । রবিবার তাদেরকে নিজ বাড়ীতে পাঠানো হবে বলে জানান কোস্ট গার্ড। জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটায় বলেও জানায় কোস্ট গার্ড। তবে তাৎক্ষণিক জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
