বাজার নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত কাজে আসছে না: ইসলামী আন্দোলন

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:২৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো সিদ্ধান্ত কাজে আসছে না। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি চরম নৈরাজ্যকর রূপ ধারণ করেছে। সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী সিন্ডিকেট করে সবকিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে।

আজ সোমবার বিকালে রাজধানীর মধুবাগের কাদেরস পার্টি হাউজ সেন্টারে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা শাখা আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মাহে রমজানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহরিতে গরুর গোশত নিয়ে বিদ্বেষ চর্চার সাম্প্রদায়িক ঘটনা একই সুতোয় গাঁথা। এর ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে গভীর সঙ্কটে ফেলতে পারে। 

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকারের শীর্ষ নেতারা নির্লজ্জভাবে ভারতের পক্ষে মাঠে নেমেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে আমরা মর্যাদাপূর্ণ সুসম্পর্ক চাই। স্বাধীনতাযুদ্ধে অবদান রাখায় তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু আমাদের স্বাধীনতা কেউ অবজ্ঞা ও অমর্যাদা করলে আমরা তা মেনে নিতে পারি না।

সংগঠনের হাতিরঝিল থানা সভাপতি আব্দুস সাত্তার মুন্সির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ডা. মুজিবুর রহমান, মো. জুনাইদ আল-হাবিব, মো. হায়দার আলী, মুফতী হাফিজুল হক ফাইয়াজ, হাজী মো. কামাল হোসেন, মো. ওমর ফারুক, নুরুল ইসলাম, মিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, মুফতী রবিউল ইসলাম, মাওলানা খলিলুর রহমান মাহদী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত