মহান স্বাধীনতা দিবস আজ

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৩:০৫ এএম

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত গণহত্যা অভিযানের পর রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা হয়। পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ শুরু হলে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডি ৩২ নম্বর বাসভবন থেকে গ্রেপ্তার করে পাকিস্তানি বাহিনী। তবে, তার আগেই ২৬ মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিয়ে যেকোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বঙ্গবন্ধুর এই ঘোষণা তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। এই আহ্বানে সাড়া দিয়ে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নানা বয়স ও শ্রেণিপেশার মানুষ। রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধের পর ১৬ ডিসেম্বর দখলদারমুক্ত হয় বাঙালি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে। এবার স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী পালন করবে দেশবাসী।

দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে স্বাধীনতার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে স্বাধীনতা ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির পিতার স্বপ্নের উন্নতসমৃদ্ধ অসাম্প্রদায়িক, স্মার্ট ‘সোনার বাংলা’ নির্মাণে শপথগ্রহণে সবার প্রতি আহ্বান জানান।

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। আজ প্রত্যুষে রাজধানীতে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে রাজধানীর উপকণ্ঠ সাভার জাতীয় স্মৃতিসৌধে নানা শ্রেণি ও পেশার মানুষের ঢল নামবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে। আজ সরকারি ছুটির দিন। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশনগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে।

প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ : সাভার প্রতিনিধি জানান, স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। আজ ভোরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সে সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিবিদদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরো স্মৃতিসৌধ এলাকা। প্রতিবারের মতো এবারও দিবসটি উদযাপন করতে জাতীয় স্মৃতিসৌধকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এক মাস ধরে স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে, রঙতুলির আঁচড়ে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে তিন সহস্রাধিক পুলিশ সদস্য। এবার স্মৃতিসৌধে স্বাধীনতার আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আবদুল্লাহিল কাফী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবং ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া এ বছর ড্রোন দিয়ে পুরো এলাকার পরিস্থিতি মনিটরিং করা হবে।

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি : আজ সূর্যোদয়ের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, দলীয় কার্যালয় এবং সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ভোর ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এ ছাড়া সকাল ৭টায় ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় শায়িত জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। আজ ভোর ৬টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ, ঢাকায় ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা ১১টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত