শ্রীপুরে পুলিশকে কোপানো ডাকাত দলের আরও দুই সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে পুলিশকে কোপানে আরও দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের শুরুতে মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের সড়কে ডাকাতির সময় পুলিশকে কুপিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বরগুনার আমতলী উপজেলার ঘেরাবোনিয়া গ্রামের আবদুস সোহবানের ছেলে আবু তালেব মিয়া (৩৫) ও মাদারীপুরের কালকিনি উপজেলার আউলিয়ারচর গ্রামের কানছ বেপারির ছেলে  রমজান আলী বেপারি (২৪)। তাদের  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আবু তালেবকে ও নারাণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপর ডাকাত রমজান আলী বেপারিকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ও রমজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা  ডাকাত দলের সক্রিয় সদস্য। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, সড়কে ডাকাতি ও পুলিশকে কোপানোর ঘটনায় এ পর্যন্ত ৬ ডাকার গ্রেপ্তার হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত ৩ মার্চ শ্রীপুরের মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা হাসিখালি ব্রিজ এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা জানতে পেরে ওইদিন ভোরে সিএনজিচালিত অটোরিকশায় টহলদলের পুলিশরা ঘটনাস্থলে যান। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ৩ পুলিশ সদস্য গুরতর আহত হোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত