অস্ত্রোপচার করে পেট থেকে আস্ত মাছ উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে অপারেশনের মাধ্যমে এক ব্যক্তির পেট থেকে জ্যান্ত ইল (কুঁচিয়া) মাছ বের করা হয়েছে। দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে বের করা মাছটি প্রায় ২৫ ইঞ্চি লম্বা। মাছ ধরতে গেলে পায়ু পথ দিয়ে মাছটি ওই ব্যক্তির পেটে ঢুকে যায়। পরে তীব্র ব্যথা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গত রবিবার (২৪ মার্চ) রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।

অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডা. রাশেদুল ইসলাম।

তিনি বলেন, গত (২৪ মার্চ) ওই রোগী হাসপাতালে আসেন। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রোপচার করে বের করার সময় কুঁচিয়া মাছটি জীবিত ছিল এবং লাফিয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন এবং রোগীর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে।

জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সমরা মুন্ডা (৫৫) একজন রেজিস্ট্রার কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত