চট্টগ্রামে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল তাওহিদ হৃদয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন করেছিলেন ৯৬ রান। ৪ রানের আক্ষেপে পুড়ে শেষ হয়েছিল ওয়ানডে সিরিজ। ছিলেন সিলেট টেস্টের স্কোয়াডেও। এরপরই ছুটে আসেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর নেমেই খেললেন বিস্ফোরক এক ইনিংস। পেয়ে যান সেঞ্চুরির দেখাও। আর তার ইনিংসে ভর করে আবাহনী পেয়েছে পাহাড়সম সংগ্রহ। যা টপকাতে হিমশিম খেয়েছে রূপগঞ্জ টাইগার্স।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ক্যারিয়ারসেরা ১২৫ রানের ইনিংস খেলেন হৃদয়। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলারদের ওপর ঝড় বইয়ে স্রেফ ৮৪ বলে ১১ চার ও ৬ ছক্কায় সাজান নিজের ইনিংস। ৮৪ ম্যাচের লিস্ট 'এ' ক্যারিয়ারে হৃদয়ের দ্বিতীয় সেঞ্চুরি এটি।
এছাড়া চোট কাটিয়ে ফেরা জাকের আলি অনিক করেছেন ৭৮ রান। তাদের রানে ভর করে ৩২০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। হারায় মাত্র ৪ উইকেট। সেই চারটি উইকেট আদায় করেন সোহাগ গাজী, আব্দুল্লাহ আল মামুন ও আবু হাসিম।
৩২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। আবাহনী পায় ১৪০ রানের বড় জয়। তিনটি করে উইকেট আদায় করেন মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন তিনি। সাইফউদ্দিন পেয়েছেন দুটি উইকেট।
