ভালো বেতনের চাকরির কথা বলে গ্রাম থেকে প্রথমে ঢাকায় এনে পরে ফরিদপুরের পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পাচার চক্রের দুই নারী ও দুই যুবককে আসামি করে মামলা দায়েরের পর পুলিশ পাচারচক্রের এক নারীকে আটক করেছে।
আটক ওই আসামির নাম পারুল বেগম ওরফে পারু (৪৮)। জনৈক আসাদ শেখের স্ত্রী পারু রথখোলা পতিতাপল্লীর বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলেন আপন (৩০), জহির (৩০) ও গোয়ালচামট খোদাবক্স রোডের বাসিন্দা ইলিয়াস কসাইয়ের স্ত্রী পতিতা সর্দারনি ববি (৩৮)। আপন ও জহিরের পূর্ণাঙ্গ পরিচয় মেলেনি।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি জানান, পার্লারে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের কচুয়া থানার কড়ইশ নামক স্থান থেকে গত ১০ মার্চ এক তরুণীকে ঢাকায় নেয় আপন। দুদিন সেখানে রেখে ৩ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় তাকে। ওই ৩ ব্যক্তি সেদিন সন্ধ্যায় মেয়েটিকে রথখোলা পতিতাপল্লীতে এনে পারুর কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে দেয়। পরদিন একটি সাদা কাগজে তার স্বাক্ষর নিয়ে জানানো হয়- এখন থেকে সে পতিতাপল্লীর একজন লাইসেন্সধারী সদস্য।
ওসি আরও জানান, এই মেয়েটিকে পারুর বাসায় রেখে ববি ও অন্যদের মাধ্যমে জোর করে খদ্দেরদের মনোরঞ্জনের জন্য দেহ ব্যবসায় বাধ্য করায়। এর মাঝে মেয়েটি বাড়িতে যোগাযোগের জন্য একজন খরিদ্দারকে তার ছোটবোনের মোবাইল নম্বর দেয়। পরে ওই খরিদ্দারের মোবাইল কলের মাধ্যমে মেয়েটির সন্ধান পায় তার পরিবার। এরপর তার মা ও ফুফা গত ২২ মার্চ সন্ধ্যায় রথখোলায় এসে তাকে দেখতে পেয়ে স্থানীয় থানার জানায়। পুলিশ সেখানে অভিযান চালানোর পর ফেনীর পূর্ব ছাগলনাইয়ার আরেকটি মেয়েও উদ্ধারের জন্য পুলিশের সাহায্য চায়। ওই মেয়েটি জানায়, তাকেও চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে ঢাকার মিরপুরের একটি বাসায় এক রাত রেখে রথখোলা পতিতাপল্লীতে এনে পারুর কাছে বিক্রি করে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, এঘটনায় চাঁদপুরের ওই মেয়েটির মার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৮/১১/১২ ধারায় কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল মামলার তদন্তভার গ্রহণ করে অভিযান চালিয়ে গত ২৪ মার্চ পারুল বেগম ওরফে পারুকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
