কঙ্গনা রানাউত যেন এখন বলিউডের মধ্যমণি। নাহ, সিনেমার জন্য নয়। বরং হিমাচল থেকে বিজেপির প্রার্থী হয়ে বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। যদিও কঙ্গনার সরাসরি রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আগেই জল্পনা ছিল। নিন্দুকরা বলছেন, যেভাবে কঙ্গনা গেরুয়া শিবিরের বড্ড আপন হয়ে উঠেছিলেন, তাতে কঙ্গনার বিজেপির টিকিট প্রাপ্তি মোটেই সারপ্রাইজ নয়।
তবে এসব আলোচনার মাঝে, কঙ্গনার ফিল্মি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। সিনেমহল মনে করছে, রাজনীতিতে এসে কঙ্গনা ভুল করলেন। কেননা, এমনিতেই একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে কঙ্গনা ক্লান্ত। তার উপর পুরোদস্তুর রাজনীতিতে এলে, অভিনয়টা ভুলেই যাবেন তিনি।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে কঙ্গনা সিনেমা ফ্লপ নিয়ে মুখ খুললেন। শাহরুখের প্রসঙ্গ টেনে কঙ্গনা বুঝিয়ে দিলেন তিনিই এখন বলিউডের ‘লেডি শাহরুখ’!
কঙ্গনার কথায়, ‘১০ বছর ধরে শাহরুখ কোনও হিটের মুখ দেখেননি। তারপর দেখুন, পাঠান, জওয়ান, ডাঙ্কি ব্লকবাস্টার! সবার ক্যারিয়ারেই এমনটা হয়। যখন আমারও পর পর সিনেমা ফ্লপ হচ্ছিল, তার পর ক্যুইন সুপারহিট হল। তার বহু বছর পর মণিকর্ণিকা সুপারহিট হল। এরপর আমার এমারজেন্সি আসছে। এই সিনেমাও দর্শকরা পছন্দ করবেন। আমি বিশ্বাস করি।’
এরপরই কঙ্গনা যেন একটু চটেই গেলেন। বলিউড স্টারদের ওটিটিতে পা রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটি কখনও স্টার তৈরি করতে পারে না। আমরা তারকা, আমাদের চাহিদা রয়েছে। পর্দাতেই আমাদের মানুষ দেখবে। ওটিটিতে পা দেওয়া মানে সহজলভ্য। আমি আর্ট অ্য়ান্ড ক্রাফ্টকে মান্যতা দিতে চাই। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।’
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে বছর দুয়েক আগেই এক সাক্ষাৎকারে ইচ্ছে প্রকাশ করেছিলেন কঙ্গনা। সেই ইচ্ছাই পূরণ হল এবার। বরাবর বিজেপির হয়ে সুর চড়ান তিনি। এবার গেরুয়া শিবিরের টিকিটে সরাসরি নির্বাচনী ময়দানে বলিউডের ‘ক্যুইন’।
তীব্র গরমে জ্যাকেট গায়ে পরিণীতি, লুকালেন বেবি বাম্প?