টাঙ্গাইলের কালিহাতীতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে আব্দুল মজিদ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৮ মার্চ) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।
এ দিন দুপুরে অভিযুক্ত আব্দুল মজিদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ উপজেলার পারখী ইউনিয়নে গোয়ারিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিন সিকদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই ইমাম জানান, ভুক্তভোগী ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা পেয়ে মামলা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল মজিদকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
