উইন রোজারিওকে হত্যা, আন্দোলনের ডাক প্রবাসীদের

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছে প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি।

কমিউনিটির বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ঘোষণা দেওয়া হয়। তবে এটি কবে হবে তা এখনও জানায়ানি সোসাইটি।

গত ২৭ মার্চ নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। উক্ত ঘটনার খবর পেয়ে সোসাইটির কর্মকর্তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের ওজোন পার্ক এলাকায় নিজ বাড়ির ভেতরে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। এনিয়ে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের মতোই প্রবাসীরাও দাবি করছেন মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবক উইন রোজারিও (১৯) ঠাণ্ডা মাথায় খুন করেছে নিউ ইয়র্ক পুলিশ। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে প্রবাসীরা বৃহৎ আন্দোলনে যাবে।

নিহত উইন রোজারিওর পিতা ফ্রান্সিস রোজারিওর দাবি, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ ছিল। ছেলের মানসিক সমস্যা আছে বলার পরও পুলিশ তাদের কথা শুনেনি। পুলিশ ঠাণ্ডা মাথায় তার ছেলেকে খুন করেছে। তিনি এঘটনার সঠিক তদন্ত দাবি করেন।

নিহত উইন রোজারিওর দেশের বাড়ি গাজীপুরের পূবাইলের হারবাইড গ্রামে। বাবার নাম ফ্রান্সিস রোজারিও এবং মা ইভা কস্তা। মা-বাবা ও এক ভাইসহ তারা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ওজোন পার্ক এলাকায় বসবাস করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত