কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, নিহত ১

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৬ পিএম

টাঙ্গাইলে চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়িতেই আগুন লেগে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মারা যান। নিহত চালক আব্দুর রহিম (৩০) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মনছের আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।

বঙ্গবন্ধু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী জামাল অ্যান্ড ব্রাদাস নামের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত