রেলের টিকিট পেতে এক ঘণ্টায় ২ কোটি ২০ লাখ বার চেষ্টা

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৫:২৮ পিএম

ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ট্রেনের আগাম টিকিটের চাহিদা। শুক্রবার (২৯ মার্চ) রেলের অগ্রিম টিকিটের জন্য সর্বাধিক মানুষ চেষ্টা চালিয়েছেন। আজ ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর প্রথম এক ঘণ্টায় রেকর্ড ২ কোটি ২০ লাখ বার টিকিট কাটার জন্য ওয়েবসাইটে চেষ্টা চালানো হয়েছে।

আজ পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জন্য) ১৫ হাজার ৮৯০টি টিকিট বিক্রির জন্য ছাড়া হয়। প্রথম ১৫ মিনিটে ৭ হাজার ১৯৪টি টিকিট বিক্রি হয়ে যায়। আধা ঘণ্টায় বিক্রি হয় ১২ হাজার ৭৮৩টি টিকিট। সকাল সাড়ে ১০টার মধ্যে নির্ধারিত প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়।

এদিকে বেলা ২টা থেকে রেলের পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট বিক্রি হবে। এ অঞ্চলের জন্য টিকিট ছাড়া হয় ১৬ হাজার ৬৯৬টি। প্রথম ৩০ মিনিটে ৯৬ লাখ বার টিকিট কাটার জন্য ওয়েবসাইটে চেষ্টা চালানো হয়েছে। 

রেলের কর্মকর্তারা বলছেন, আগামীকাল সর্বশেষ দিন ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত