গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এনিয়ে ঘটনাটিতে ১৭ জনের মৃত্যু হলো।
আজ শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, কুদ্দুসের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।
মৃত কুদ্দুস খানের ছেলে মো. নাজিম খান জানান, তাদের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায়। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী নাজমা বেগমকে নিয়ে থাকতেন। কোনাবাড়ি পেপসি কোম্পানিতে দিনমজুরের কাজ করতেন। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।
এর আগে গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও ১৭ জনের মৃত্যু হলো।
