সম্প্রতি প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্পেনের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। হাভিয়ের মিগুয়েল ও ম্যানুয়েল জাবোইসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে হুশিয়ার করেছেন জাভি। জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের মিথ্যা তিনি সহ্য করবেন না।
মামলা দায়েরের সত্যতা নিজেই স্বীকার করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী বার্সা কোচ জাভি।
তিনি বলেছেন, ‘এমনটা আমার সঙ্গে এর আগে কখনোই হয়নি। আমি সমালোচনা বুঝতে পারি, তবে সবকিছুর একটা সীমা আছে। আমি যা সহ্য কবর না, তা হলো, মিথ্যা এবং মনগড়া পরিস্থিতি তৈরি করা। আমার মনে হয়, এটা বলার সময় হয়েছে যে অনেক হয়েছে। এটা অনেক বড় মিথ্যা।’
সম্প্রতি মিগুয়েল নামের এক সাংবাদিক বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করেন, জাভি তার কোচিং স্টাফদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বার্সা কোচ নাকি স্টাফদের ফোন টেবিলের ওপর রাখতে বলেছিলেন—তাদের মধ্য থেকে কেউ তথ্য ফাঁস করেছে কি না সেটা বোঝার জন্য। তবে এমন ঘটনার সত্যতা অস্বীকার করেছেন জাভি।
সংবাদমাধ্যম এল পাইসের সংবাদকর্মী জাবোইস ‘এল লারগুয়েরো’ অনুষ্ঠানে দাবি করেছেন, বার্সেলোনা কোচ প্রকাশিত সংবাদ নিয়ে অভিযোগ জানিয়ে তাকে কিছু ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, ‘বার্তাগুলো এসেছে জাভির কাছ থেকে। আমি আপনাদের বার্তাগুলো নিয়ে বলব না, কারণ সেগুলো ব্যক্তিগত। আর সেসব খুব নোংরা ছিল। সে নিজেও এগুলো জনসমক্ষে বলেনি। এটুকুই।’
সে সময় জাভির পক্ষ থেকে অস্বীকার করা হয় এই অভিযোগ এবং পরবর্তীতে আরেকটি সংবাদে জাবোইসও নিজের অবস্থান বদলানোর কথা জানান। তিনি বলেন, জাভি সরাসরি নিজে যোগাযোগ করেননি, তৃতীয় পক্ষের মাধ্যমে করেছিলেন। এই ব্যাখ্যার পরও অবশ্য শেষ রক্ষা হয়নি। বার্সা কোচের মামলার মুখোমুখি হতে হচ্ছে তাকেও।
এ মৌসুমে পারফরম্যান্সের কারণে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের সমালোচনার মুখে পড়তে হয়েছে জাভি ও তার দলকে। সাংবাদিকদের সমালোচনার জবাব দেওয়ায় জাভিও অবশ্য পিছিয়ে ছিলেন না। ডিসেম্বরে জাভি দাবি করেছিলেন নেতিবাচক সংবাদ তার দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। সে সময় এক নিবন্ধকে ‘কৌতুক’ বলে মন্তব্য করেন। তারপরই ঘোষণা করেছেন মৌসুম শেষে তিনি বার্সা ছাড়ছেন।
