কক্সবাজারে রাতের আঁধারে পাহাড়ের মাটি কেটে পাচারে বাধা দেওয়ায় উখিয়ায় বন বিট কর্মকর্তাকে ডাম্প ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর গাড়িটি ঘুমধুম হয়ে বান্দরবান পালানোর সময় বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালাক ও হেলপাররা পালিয়েছে।
নিহত বন কর্মকর্তার সাজ্জাদুজ্জামান সজল (৩০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। দুবছর আগে বিয়ে করা সাজ্জাদের নয় মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। রবিবার দুপুরে কক্সবাজার বিভাগীয় বন কার্যালয়ে তার প্রথম জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে পাঠানো হচ্ছে। তার সাথে থাকা বনরক্ষী মোহাম্মদ আলীকে (২৭) আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলম জানান, উখিয়ায় রাতের আঁধারে কোথাও না কোথাও অবৈধভাবে পাহাড় কাটা চলে। তাই রেঞ্জের সকল বিট কর্মকর্তারা রাতে নিয়মিত অভিযানে নামেন। প্রতিদিনের মতো রবিবার সেহরির সময় অভিযান টহলে যান উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এসময় খবর পান, এলাকার হরিণ মারা লালুর বরো ঘাটা এলাকা দিয়ে তুতুরবিল গ্রামের চিহ্নিত পাহাড় খেকো ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ পাহাড়ের মাটি ডাম্প ট্রাকে পাচার করছে। মোটরসাইকেল চালিয়ে সাজ্জাদুজামানরা সেখানে পৌঁছে ডাম্পারটি থামাতে সংকেত দেওয়ার সাথে সাথে মাটি ভর্তি ডাম্প ট্রাকটি দিয়ে চাপা দিয়ে চলে যায়।
কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, ঘটনার খবর পেয়েই উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। নিহত সাজ্জাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, বন কর্মকর্তা হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
