দিনে এক টুকরা পাউরুটি আর একটা ডিম জুটত

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:২৯ এএম

জন্মসূত্রে কানাডার নাগরিক হলেও নৃত্যশৈলীর নিরিখে ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও মানেই অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমেও তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭ কোটি! সম্প্রতি বলিউডে ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ করলেন নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।

মুম্বাইয়ে পা রেখে তার শুরুর দিনের স্মৃতিচারণায় ডুব দিলেন নোরা। প্রকাশ্যে আনলেন অজানা তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার শুরুর দিনগুলো নিয়ে কথা বলেছেন নোরা। অভিনেত্রী জানিয়েছেন যে, মাত্র ৫ হাজার রুপি নিয়ে ভারতে এসেছিলেন তিনি। মুম্বাইয়ে ৯ জন নারীর সঙ্গে একটি ফ্ল্যাটে শেয়ার করে থাকতেন। সেই অভিজ্ঞতা যে খুব সুখকর ছিল না, সে কথাও খোলাসা করেন নৃত্যশিল্পী।

নোরা বলেন, ‘১ হাজার ডলারের (মার্কিন) মূল্য তখন বুঝতাম না। একটা তিন রুমের ফ্ল্যাটে ৯ জন ‘উন্মাদ’ মেয়ের সঙ্গে থাকতাম আর ভাবতাম নিজেকে কোথায় এনে হাজির করলাম।’ নোরা জানান, এখনো পর্যন্ত সেই ‘বিভীষিকা’ তাকে তাড়া করে।

মুম্বাইয়ে সুযোগ পেতে অনেকেই কাস্টিং সংস্থার শরণাপন্ন হন। নোরাও তার ব্যতিক্রম নন। তবে সেই সংস্থা যে নোরাকে যোগ্য পারিশ্রমিক দিত না, সে কথাও জানান। নোরা বলেন, ‘সংস্থা বড় পরিমাণ অর্থ কেটে নিয়ে আমাকে কম টাকা দিত। একটা ডিম আর এক টুকরো পাউরুটি খেতাম দিনে।’ নোরা আরও জানান, পরিস্থিতি সময়ের সঙ্গে এতটাই কঠিন হতে শুরু করে যে তিনি চিকিৎসকের সাহায্য নিতে বাধ্য হন। কিন্তু হাল ছাড়েননি নোরা।

তবে লড়াইয়ের দিন কাটিয়ে সময়ের সঙ্গে নোরার দাবি বলিউডে তার পায়ের নিচের জমি শক্ত করেছেন। ‘রকি হ্যান্ডসাম’, ‘সত্যমেব জয়তে’ বা ‘বাটলা হাউজ’-এর মতো সিনেমাতে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। সম্প্রতি কুণাল খেমু পরিচালিত ‘মাডগাঁও এক্সপ্রেস’ সিনেমাতে দর্শক নোরাকে দেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত