তিন দিন নিজ ঘরেই পড়েছিল ১০ সন্তানের বাবার মরদেহ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পিএম

নাটোর সদর উপজেলার হালসা গ্রামের বৃদ্ধ সিরাজুদ্দিন নিজ ঘরে মরে পড়ে ছিলেন তিনদিন। ৩ স্ত্রী ও ১০ সন্তান থাকলেও শেষ সময়ে পাশে ছিলেন না কেউই। তার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

চার ছেলে ও ৬ মেয়ের জনক সত্তরোর্ধ সিরাজুদ্দিন একসময় ট্রাক চালাতেন। বয়স বাড়লে কর্মক্ষমতা হারানোর পর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। একাধিক বিয়ে করায় ১৫ বছর আগেই তাকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী ও ৫ সন্তান। দ্বিতীয় স্ত্রী তার ৩ সন্তান নিয়ে চলে যান ১০ বছর আগে। কর্মক্ষমতা হারালে দুই বছর আগে তাকে ছেড়ে চলে যান তৃতীয় স্ত্রী ও তার ২ সন্তান। 

বৃদ্ধ সিরাজুদ্দিন একাই থাকতেন তার বাড়িতে। নিজেই করতেন রান্না। অসুস্থ হলেই নিজেই সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতেন তিনি। গত কয়েকদিন ধরে তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা ভেবেছিলেন হাসপাতালে গিয়েছেন তিনি। শনিবার দুপুরে তার ঘরে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। একে সাধারণ মৃত্যু হিসেবেই ধরে নিয়েই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত