বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। একপর্যায়ে তারা পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝর্ণা থেকে ওপরে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি। পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত