পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের আলেখারচর বিশ্বরোড এলাকার সরেজমিনে পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন। তিনি মহাসড়কের চিহ্নিত স্থানগুলো পরিদর্শন করেন এবং ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি নিরসন করতে রিজিওন হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেন।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা হাইওয়ে এলাকার বিভিন্ন অংশ ঘুরে শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন বলেন, প্রযুক্তি আমাদের সেবার মান উন্নয়ন করে, আমাদের দক্ষতা বৃদ্ধি করে। এজন্য এবারও আমরা বডিওর্ন ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহার করবো। বিশেষ করে যেখানে যানজটের সম্ভাবনা রয়েছে সেখানে আমাদের ড্রোন থাকবে। ড্রোনের মাধ্যমে আমরা ট্রাফিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, বিগত যেকোনো বছরের চেয়ে এবারের ঈদ যাত্রা অনেক বেশী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পবিদ ঈদুল ফিতরের আগে, ঈদের দিন ও ঈদের পরে, এই তিন স্তরের পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও, প্রযুক্তিগতভাবেও এবার সড়ক পরিদর্শন করে ড্রোনের সাহায্যে সড়কে নজরদারি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ যাত্রাকে নিরাপদ করতে পুলিশের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এর পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগীতাও প্রয়োজন। আবার তাড়াহুড়ো করতে গিয়ে কোনো পিকাপ বা খোলা ট্রাকে কেউ যাতে না উঠে। ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রাকে পুলিশ কখনো সমর্থন করে না।
