বিরাট কোহলি এবারের আইপিএলে ৫ ম্যাচ খেলে ৩১৬ রান করেছেন। গতকাল রাজস্থান রয়্যালের বিপক্ষে করেন সেঞ্চুরি। তবে গতকালের সেঞ্চুরিতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েন কোহলি।
৬৭ বলে ১০০ করেন কোহলি যা আইপিএল ইতিহাসে যৌথভাবে মন্থরতম সেঞ্চুরি। তিন অঙ্কে যেতে ৬৭ বল খেলার আগের রেকর্ডটি মনীষ পাণ্ডের, ২০০৯ আইপিএলে বেঙ্গালুরুর হয়েই।
মন্থর সেঞ্চুরি নিয়ে কোহলিকে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান। এক্সে (টুইটার) জুনায়েদ লিখেছেন, ‘অভিনন্দন কোহলি, আইপিএল মন্থরতম সেঞ্চুরির জন্য।’
শেষ পর্যন্ত কোহলি ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। কিন্তু জস বাটলারের সেঞ্চুরিতে ম্যাচ জেতে রাজস্থান।
এরপর আরেকটি টুইটে জুনায়েদ লিখেছেন, ‘কার কারণে আরসিবি হেরেছে?’ ম্যাচ শেষে বাটলার ও স্যামসনের স্ট্রাইক রেট উল্লেখ করে প্রশংসাও করেছেন জুনায়েদ।
জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলির স্ট্রাইক রেটের কারণেই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়ার বিপক্ষে অনেক সাবেক ক্রিকেটার। মন্থ্রতম সেঞ্চুরির পর আরসিবি সমর্থকরাও চটেছেন কোহলির ওপর।
