কারখানার সীমানায় পাগলা কুকুর হত্যা, বিড়ম্বনায় প্রতিষ্ঠান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৩০ পিএম

একটি পাগলা কুকুর যেন বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে গাজীপুরের জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফ বি ফুটওয়্যারের। প্রতিষ্ঠানটির কারখানার সীমানায় একটি পাগলা কুকুর মেরে ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর এ ঘটনার সঙ্গে জড়িত কারখানায় দায়িত্বরত গুড গার্ড সিকিউরিটি অ্যান্ড প্রোপার্টি ম্যানেজমেন্টের নিরাপত্তাকর্মী।

জানা গেছে, কুকুর মেরে ফেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মো. সজীব নামের এক ব্যক্তি। এরপর থেকেই অজ্ঞাত কিছু লোক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন কল ও এসএমএসে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসেছে।

এসব হুমকি ও অপপ্রচারের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির এইচআর অ্যাডমিনের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অপরদিকে ফেসবুকে ভিডিও শেয়ার করা মো. সজীবও তার ভুল স্বীকার করেছেন। 

ফেসবুকে অপর একটি পোস্টে তিনি লেখেন, গত ২৮ জুন বেলা আনুমানিক ১০টায় আমার পার্শ্ববর্তী কারখানায় একটি কুকুরকে কোম্পানির নিরাপত্তাকর্মীরা মারধর করে এবং আমি সেটা মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করি। পরে জানতে পারি কুকুরটি পাগলা ছিল এবং একটি ছাগলকে কামড়িয়ে মেরে ফেলেছে। যেহেতু স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিক কাজ করে তাই তাদের এবং অন্যান্য প্রাণীর নিরাপত্তার স্বার্থে পাগলা কুকুরটিকে মারা হয়েছে। আমি পুরো ঘটনা না জেনে একটি অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছি এবং উক্ত প্রতিষ্ঠানের সম্মানহানি করেছি।

এফ বি ফুটওয়্যারের মানবসম্পদ বিভাগের প্রধান মো. মনজুরুল হাসান বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি কারো কাম্য নয়। এমন অমানবিক ঘটনা আমাদের কারখানার সীমানায় ঘটে যাওয়া অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এতে মর্মাহত। ঘটনার পর কর্তব্যরত গার্ডদের প্রতিষ্ঠানে অভিযোগ করি। প্রাথমিকভাবে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি বলেন, এ ঘটনা কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানের সম্মানহানি করা হচ্ছে, ঊর্ধ্বতনদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা আইন অনুযায়ী বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করি সবকিছুর একটি সুন্দর সমাধান হবে।

অন্যদিকে গুড গার্ড সিকিউরিটি অ্যান্ড প্রোপার্টি ম্যানেজমেন্টের ভাষ্য অনুযায়ী, কুকুরটি একদিন আগে কারখানার একটি ছাগল মেরে ফেলে এবং তার অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা যায়। কুকুরটি পাগল নিশ্চিত হলে কারখানার অন্যান্য প্রাণী (ছাগল ও গরু) এবং শ্রমিক-কর্মচারীর নিরাপত্তার কথা বিবেচনা করে মেরে ফেলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত