জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ফিরছে মানুষ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের চাপ অনেক বেড়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ লাইনের চলাচলকারী ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ট্রেনের ভেতরে জায়গায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করে ঘরে ফিরছে মানুষ। মঙ্গলবার (৮ এপ্রিল) গফরগাঁও স্টেশন ঘুরে এই চিত্র দেখা যায়। 

সরজমিনে দেখা যায়, কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস,অগ্নিবিনা এক্সপ্রেস , মোহনগঞ্জ এক্সপ্রেস, ঈদ স্পেশাল ট্রেন, বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার ট্রেনগুলোতে দেখা যায় প্রচন্ড ভিড়। তবে এবার ঢাকা-ময়মনসিংহ লাইনের চলাচলকারী ট্রেনগুলোতে নেই কোনো সিডিউল বিপর্যয় নির্ধারিত সময়েই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে স্টেশন। 

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে যে কোনো মূল্যে ঘরে ফিরতে হবে। তাই এমন ঝুঁকি নিয়ে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। টিকেট কেটে ও অনেকেই নিজ আসন পর্যন্ত যেতে পারছে না। আর ট্রেনের ভেতর তিল ধারণের জায়গায় নেই। 

মহুয়া কমিউটার ট্রেনের নেত্রকোণাগামী যাত্রী রুবেল মিয়া স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন। তিনি বলেন ট্রেনের ভেতরে জায়গায় না পেয়েই ছাদে উঠছি।

ছাদে ভ্রমণ করা সালমা আক্তার বলেন, বাড়ি যেতেই হবে মা,বাবা, শ্বশুর, শাশুড়ি আছে তাদের জন্যই এতো কষ্ট করে যাওয়া। অপর যাত্রী আমিনুল ইসলাম বলেন প্রচন্ড ভিড় জয়দেবপুর স্টেশন থেকে উঠছি ময়মনসিংহ যাব গফরগাঁও স্টেশনে এসে নিজের আসনে বসতে পারছি।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, যাত্রী যেন ছাদে ভ্রমণ না করে সেজন্য মাইকিং করছি এবং মোবাইল চুরি, অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পানীয় বা খাবার জাতীয় কিছু গ্রহণ না করে এজন্য যাত্রীদের সতর্ক করছি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার সেলিম আল হারুন বলেন,  ঢাকা-ময়মনসিংহ লাইনে ঈদ স্পেশাল, আন্তঃনগর এবং লোকাল ট্রেনসহ ১৪ জোড়া ট্রেন চলছে সবগুলো ট্রেনই সময়মতো চলছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত