চাঁদপুরে মা ও দুই শিশুর লাশ উদ্ধার, রহস্যজনক বলছে পুলিশ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাস ফেরত এক যুবকের স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন গ্রামের মো. আরিফের স্ত্রী ফাতেমা আক্তার সীমা, তাদের চার বছরের মেয়ে আরিফা এবং দুই বছরের মেয়ে আরিয়া।

সীমার বাবা মোস্তফা কোতোয়াল জানান, ছয় বছর আগে আরিফের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর আরিফ কর্মসংস্থানের জন্য দুবাই যান। একমাস আগে বাড়িতে এসেছেন। তার মেয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া-বিবাদ হয়েছে কি না- এমন কথা মেয়ে কখনো জানায়নি। সামাজিকভাবেই চার লাখ টাকার কাবিনের মাধ্যমে বিয়ে হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাহান জানান, আরিফ বিদেশে থাকত। কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে, জানাতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি আরিফ পরকীয়ায় আসক্ত ছিল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত তিনজনের মরদেহ উদ্ধার করি। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাদের আর্থিক অবস্থা সচ্ছল। তার স্বামীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি তার আরিফ পরকীয়ায় লিপ্ত আছেন বলে স্ত্রী সন্দেহ করতেন।

ওসি আরও বলেন, আমাদের ধারণা পরকীয়া বিষয়টি কেন্দ্র করেই এ আত্মহত্যার ঘটনাটি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সীমার স্বামী আরিফকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত