কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও স্নান উপলক্ষে বসেছে হাড়ি-পাতিলের মেলা। তিনদিন ব্যাপী এ স্নান উৎসবে অংশ নিতে জেলা ও জেলার বাইরে থেকে লাখো পূর্ণার্থী ভিড় জমিয়েছেন ব্রহ্মপুত্র পাড়ে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে তিনদিন ব্যাপী এ স্নান উৎসব চলবে বলে জানান অষ্টমী স্নান মেলা উদযাপন কমিটির আয়োজকরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতি বছর এই সময়ে অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের চিলমারীতে অষ্টমীর স্নানে হাজার হাজার পূর্ণার্থী অংশ নেন। ৩ থেকে ৪ কিলোমিটার ব্যাপী ব্রহ্মপুত্র চরে বসে অষ্টমীর মেলা। মেলার উদ্দেশ্যে আসা সনাতন ধর্মাবলম্বীরা রাত থেকে চিলমারী উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এবারের পুণ্যস্নানের জন্য ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট ও জোড়গাছ এলাকায় নির্ধারিত স্থান থাকলেও নদের বিভিন্ন পয়েন্টে স্নান করেন পূর্ণার্থীরা।
লালমনিরহাট থেকে আসা পূর্ণার্থী সুবল চন্দ্র জানান, ধর্মীয় রীতি অনুযায়ী আজকের এই দিনে পুণ্যস্নান করলে পুন্যতা লাভ করা যায়। তাই আমরা পরিবার পরিজন নিয়ে স্নান করতে এসেছি।
গাইবান্ধা জেলা থেকে আসা সুনীল চন্দ্র বলেন, প্রতি বছরই আমরা পাপ মোচনের উদ্দেশ্য এখানে স্নান করতে আসি। স্নান শেষে ভগবানের কাছে আমাদের সকলের মঙ্গল প্রার্থনা করলাম।
এ বিষয়ে চিলমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারেসুল ইসলাম বলেন, মেলাকে ঘিরে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মিনহাজুল ইসলাম বলেন, তিনদিন ব্যাপী এ মেলায় মূলত প্রথমদিনে মানুষের সমাগম বেশি থাকে। উপজেলা প্রশাসন থেকে অষ্টমীর স্নানে দর্শনার্থী ও পূর্ণার্থীদের নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমসহ সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
