সিনেমার শুটিং করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক মেকআপ আর্টিস্ট। বকখালিতে শুটিং করতে গেলে তাকে হোটেলের ঘরে ধর্ষণ করেন সিনেমাটির প্রোডাকশন ম্যানেজার।
ছবির ইউনিট সূত্রে খবর, শনিবার মধ্যরাতে কলকাতা থেকে বকখালি পৌঁছান ওই রূপটানশিল্পী। প্রোডাকশন ম্যানেজারের কথা মতো টিম হোটেলেই ওই নারীর থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন, ভোরের দিকে তিনি ঘুম ঘুম অনুভব করেন। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কলকাতার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা।
রবিবার নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের তত্ত্বাবধানে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে সোমবার কাকদ্বীপ আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
