নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. সাগর মিয়া (২৬) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার ভোরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিবসহ তার গ্রুপ। বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় রাজিব গ্রুপ। এ সময় তাদের প্রতিরোধ করতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সাথে সংঘর্ষ হয়। দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথেই সাগর মিয়া নামে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান বলেন, সকালে গুলিবিদ্ধ সাগরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ মরদেহের সুরতহাল করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুরা থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৬-৭ জন আহত হয়েছে। আনোয়ার সরকারের দলের লোক দুটি ভাগে ভাগ হয়ে রাজিব সরকার গ্রুপের সাথে যুক্ত হওয়ার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
