ফিলিস্তিনের গাজা উপত্যকার মাগাজি শরণার্থী শিবিরের একটি খেলার মাঠ এবং বাজারে ইসরায়েলি হামলায় অন্তত ১৩জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে।
ইসরায়েলি এ হামলায় ২৫ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে ইসরায়েলি এ হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে বুধবার সকালে গাজার দক্ষিণে রাফাহ এলাকায় ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সাতজন, এর মাঝে চারজনই শিশু।
গত ২৪ ঘন্টায় গাজাজুড়ে ৫৬ ফিলিস্তিনি নিহত এবং ৮৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।
এদিকে ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার কারণে প্রতিনিয়ত গাজা উপত্যকায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। ছয় মাসব্যাপী ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৯৯ জনে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৭৬ হাজার ৬৬৪ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এ পর্যন্ত নিহতদের মধ্যে ১৪ হাজার ৫২০ টিরও বেশি শিশু এবং ১০ হাজার নারী রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাজার হাজার মরদেহ। এতে করে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলে ইরানের হামলা, নতুন জীবন পেলেন নেতানিয়াহু