পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত প্রাপ্যতা নিশ্চিতে তরুণদের বিশেষ করে নারীদের সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু ন্যায়বিচারের পক্ষে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ব নেতাদের জবাবদিহি নিশ্চিতের জন্যও এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে ‘জলবায়ু ন্যায়বিচারের উন্নয়ন: আদালত ও যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস-বাংলাদেশের (সিসিজে-বি) আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার পরিচালক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম খান।
প্রখ্যাত জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়। অর্থপূর্ণ পরিবর্তন এবং সবার জন্য একটি ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের তরুণদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করা এবং সরাসরি অভিজ্ঞতা অর্জন করা উচিত। তরুণদের সম্পৃক্ততা একটি সমৃদ্ধ এবং স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য অপরিহার্য।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল’-এর অধ্যাপক ড. সেজার রদ্রিগেজ বলেন, দুনিয়া জুড়ে জলবায়ুর পরিবর্তন এখন বৈশ্বিক ন্যায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু যে বয়োবৃদ্ধরা এর ভুক্তভোগী এমন না, তরুণরাও এটা সাফার করছে। বাংলাদেশ সরকার নানাভাবে চেষ্টা করছে। কিন্তু সচেতনতা সব জায়গায় নিতে হবে। তরুণদের শক্তি এক্ষেত্রে ক্লাইমেট গভার্নেন্সে ভূমিকা রাখবে। ক্লাইমেট জাস্টিসের জন্য ৩০০ লিগ্যাল কেস আনা হয়েছে ইউরোপিয়ান কোর্টে। এটা অ্যালার্মিং। এগুলোর সমাধানের জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. তানভীর হাসান, জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত, বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এবং আইসিসিএডির পরিচালক এবং প্রয়াত অধ্যাপক ড. সালিমুল হকের ছেলে সাদিক হক। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং জলবায়ুকর্মীরা উপস্থিত ছিলেন।
