অপহরণের পর ধর্ষণ, জামালপুরের আসামি গ্রেপ্তার গাজীপুর থেকে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পিএম

অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. ফয়সাল রহমান মিশুককে (৪০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফয়সাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিষ বাথান এলাকার মৃত বুলু মিয়ার ছেলে।

জামালপুর র‌্যাব ১৪ সিপিসি-১ এর অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গত ৭ মার্চ সকালে স্কুলের যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করেন ফয়সাল। পরে ওই শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় রেখে একাধিকবার ধর্ষণ করেন তিনি। অপহরণের দুই দিন পর আসামি ওই শিক্ষার্থীকে বাড়ির কাছে ফেলে পালিয়ে গেলে শিক্ষার্থীর মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় অপহরণসহ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক ছিলেন। পরে র‌্যাব সদস্যরা মামলার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত