ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ হাজার টাকা চেয়ে না পেয়ে আব্দুল কাদের (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আরিফ হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, আব্দুল কাদেরের ছয় ছেলের মধ্যে সবার ছোট আরিফ (২০)। তিনি প্রায়ই টাকার জন্য তার বাবাকে চাপ দিতেন। সম্প্রতি বাবার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে মোবাইল কেনেন আরিফ। মাঝে মধ্যে তিনি নেশাও করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আরিফ ১০ হাজার টাকার জন্য তার বাবাকে চাপ দেন। টাকা না দিলে ঘরের আসবাব ভাঙচুর করার হুমকিও দেন। এতে ভয়ে আব্দুল কাদের বড় ছেলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। বড় ছেলেকে বিষয়টি জানার বাবাকে অভয় দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর আব্দুল কাদের ভয়ে আবারও বড় ছেলের বাড়ি যাচ্ছিলেন। পথে লুকিয়ে থাকা আরিফ পেছন থেকে বাবার পেটে-পিঠে ছুরিকাঘাত করেন। এ সময় আব্দুল কাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক আরিফ ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
লখনৌ এর বিপক্ষে চেন্নাইর একাদশে মোস্তাফিজ
প্রতিবেশি শেখ জামালকে কাঁদিয়ে জয়ে ফিরল আবাহনী