নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুরে কুকুরকে গোসল করাতে নেমে পানিতে ডুবে কাজী জুবায়ের ওরফে জুবু (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বিশেষ চাহিদা সম্পন্ন ছিল।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ গ্রামের পুকুরে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। মৃত কাজী বিপুল ও মা ফাতেমা বেগমের ৩ ছেলের মধ্যে সবার ছোট জুবায়ের।
তাকে হাসপাতালে নিয়ে আসা মেঝো ভাই কাজী সামি জানান, কুকুর খুব পছন্দ করত জুবায়ের। এলাকার সব কুকুরকে নিজে রুটি কিনে খাওয়াত। আদর-যত্ন করত। গোসল করিয়ে দিত। বিকেলে আরেক শিশুসহ সে একটি কুকুর নিয়ে গ্রামেরই মিঠা পুকুর নামে পরিচিত একটি পুকুরে যায়। সেখানে কুকুরটিতে গোসল করাতে পানিতে নামে। তবে কিছুক্ষণ পর সেখানে তলিয়ে যায় সে। তখন তার সাথে থাকা অন্য শিশুটি দৌড়ে এসে খবর দিলে স্থানীয়রা তাকে পানি থেকে তোলে। পরে পরিবারের সদস্যদের খবর দেয়। তখন পরিবারের সদস্যরা তাকে রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রূপগঞ্জ থানায় জানানো হয়েছে।
টাঙ্গাইলে হেলিকপ্টারে বউ আনলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা
আবুধাবিতে ফ্লাইট চালু করল ইউএস-বাংলা