এবার ঈদেও অনবদ্য অপূর্ব

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:০১ এএম

এবারের ঈদেও অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়ালেন দেশের নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওটিটি প্ল্যাটফর্মের কাজের ব্যস্ততায় এখন নাটকে অভিনয় কমিয়েছেন। সেদিক থেকে ঈদুল ফিতরে খুব বেশি কাজে দেখা যায়নি তাকে। এর মধ্যে প্রচারে এসেছে তার তিনটি নাটক জাকারিয়া সৌখিনের ‘শহরে প্রেমের ঘ্রাণ’, এস আর মজুমদারের ‘ভালোবাসার কয়েকটা দিন’ ও রুবেল হাসানের ‘মনের কোলাহল’। তিনটি নাটকে তার বিপরীতে যথাক্রমে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও সাফা কবির।

তিনটি নাটকই দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। বিশেষত অপূর্ব ভক্তদের কাছে নাটকগুলো ভীষণ সাড়া ফেলেছে। দর্শকের সাড়ায় উচ্ছ্বসিত অপূর্ব বলেন, ‘এই তিনজন পরিচালকের নির্দেশনাতে এর আগেও আমি কাজ করেছি। তাদের নির্দেশনায় আমার অভিনীত বেশকিছু জনপ্রিয় নাটক রয়েছে। তাদের নির্বাচিত গল্পের প্রতি, তাদের নির্দেশনার প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। যে কারণে তাদের সঙ্গে কাজ করতেও ভালো লাগে। তাছাড়া তাদের প্রত্যেকেরই ইউনিট ভীষণ গোছানো, পরিপাটি। যে কারণে কাজগুলোও হয় বেশ সুন্দর। এখন পর্যন্ত ঈদে প্রচারিত এ তিনটি নাটকের জন্য দর্শকের কাছ থেকে যথারীতি আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমার বিপরীতে যে তিনজন অভিনয় করেছেন তারা তিনজনই এ প্রজন্মের পরীক্ষিত অভিনেত্রী। যে কারণে তাদের ফ্যানদের কাছেও কাজগুলো ভালো লেগেছে। আর আমি তো আমার প্রতিটি কাজে অনেক শ্রম দিয়ে থাকি। কারণ প্রত্যেকটি কাজই আমার সময়ের স্বাক্ষর বহন করে যাচ্ছে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার কাজগুলো উপভোগ করার পাশাপাশি তাদের মনের অভিমত প্রকাশ করার জন্য। আগামীতে আরও ভালো ভালো কাজ আসছে। সময় হলেই দর্শক তা জানবেন, দেখবেন।’ এদিকে অপূর্ব অভিনীত ‘স্বপ্ন দেখার দিনগুলো’ শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। শিহাব শাহীন পরিচালিত এবং অপূর্ব অভিনীত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজটিও শিগগিরই হইচইতে প্রচারে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত