মনের মতো চরিত্র পাননি

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:০১ এএম

অভিনয় থেকে দূরে বেশ কয়েক বছর। কিংস ইলেভেন পাঞ্জাব আর পরিবার নিয়ে দিন কাটছে প্রীতি জিনতার। হঠাৎ সোশ্যালে ভাইরাল হয়েছে তার পুরনো ভিডিও, যেখানে উঠে এসেছে বলিউডের নেতিবাচক দিক। বলিউডে তার শেষ সিনেমা ছিল ‘ভাইয়াজি সুপারস্টার’, সানি দেওলের সঙ্গে। স্পষ্ট বক্তা হিসেবে বরাবরই সুখ্যাতি রয়েছে অভিনেত্রীর। কারও সহযোগিতা ছাড়াই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে, অভিনয়ে দক্ষতার মাধ্যমে। নেপথ্যে কেউ না থাকলে অথবা কারও সহযোগিতা ছাড়া বলিউডে নিজের জায়গা তৈরি করা মুশকিল এমনটাই মনে করেন বলি অভিনেত্রী। এক সাক্ষাৎকারে প্রীতি বলেছিলেন, ‘বলিউডে সিনেমা পাওয়ার জন্য যত দূর খুশি যেতে পারে ছেলেমেয়েরা। যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা মাথা তুলে দাঁড়াতে পারে না। তবে শুধু ফিল্মি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি না। যেকোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেই এ সমস্যা। সেই ছেলেমেয়েদের জন্য বলিউড নিরাপদ জায়গা নয়।’ অভিনয়ে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে একসময় তিনি জানিয়েছিলেন, বলিউডে ফিরে যাওয়ার বিশেষ কারণ থাকলে তিনি অবশ্যই ফিরবেন। ভালো সিনেমা, ভালো চরিত্র পেলে আবারও অভিনয় করবেন এমনই ইঙ্গিত দিয়েছিলেন বলি অভিনেত্রী। তারপরও এখন পর্যন্ত প্রত্যাবর্তন হয়নি তার। মনের মতো চরিত্র বা সিনেমার সুযোগ পাননি বলেই পর্দায় দেখা মেলেনি তার, মনে করছেন দর্শকের একাংশ। তবে প্রায়ই প্রচারের আলোয় থাকেন প্রীতি। ৪৯ বছর বয়সেও তন্বী। তার শরীরচর্চার ভিডিও দেখা যায় সোশ্যালে। আকর্ষণীয় ব্যক্তিত্ব, গালে টোল পড়া হাসি আজও ঝড় তোলে অনুরাগীদের মনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত