ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে

কল্পনাও করিনি যে বেঁচে ফিরতে পারব: বৃষ্টি 

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। ঈদের পরদিন একটি দাওয়াতে অংশ নিতে যাওয়ার সময় মহাখালী হাইওয়ে এক্সপ্রেস রোডে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। পেছন থেকে একটি মাইক্রোবাস এসে অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দিলে সেটি উল্টে পড়ে যায় এবং গাড়িতে থাকা চারজন আহত হন এবং এরমধ্যে গুরুতর আহত হন বৃষ্টি। অভিনেত্রীর বাম হাতের দুটি হাড় ভেঙে যায় এবং বাম পায়ে, কোমরে, পিঠে মারাত্মক আঘাত পান।

এরপর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুইদিন পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা বুঝে দুইদিন পর তার সার্জারি করতে হয় বলে জানান অভিনেত্রী। দশ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ সোমবার বাসায় ফিরেন তিনি।

দেশ রূপান্তরকে বৃষ্টি ইসলাম বলেন, ‘আমি আমার কাজিন এবং ফ্রেন্ড মিলে একটি দাওয়াতে যাচ্ছিলাম, রাত সাড়ে আটটা কিংবা নয়টা হবে। মহাখালি হাইওয়েতে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে আমার গাড়িতে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় এবং আমার গাড়ির সামনে থাকা দুই গাড়িতে লেগে উল্টে যায়। আমি সামনের সিটে থাকায় ড্যাশবোর্ডের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে জাস্ট ছিটকে বাইরে পড়ে যাই। বাম হাতের দুটি হাড় ভেঙে চামড়া ফেটে বাইরে বেরিয়ে আসে।

বাম পায়ে, কোমরে, পিঠে এমনকি মুখে আঘাত পাই। এরপর আমি আর তেমন কিছু বলতে পারি না। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এমন অবস্থা ছিল যে দুইদিন শুধু আমাকে অবজারভেশনে রাখা হয়। সাথে সাথে অপারেশন করাও যাচ্ছিল না। দুইদিন পর সার্জারি করা হয় এবং সেদিন দশ ঘণ্টা লেগেছে ওটি থেকে আমাকে বের করতে। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় লাগে সার্জারি করতে। দুটি হাড় ভেঙে গেছে আর দুটি হাড় ভেঙে মাংসে ঢুকে গিয়েছিল। এখন পুরো হাত প্লাস্টার করা। হাতে বারোটা স্টিল এবং দুটি প্লেট ঢুকানো। নড়তে চড়তে পারছি না, ব্যাথায় অস্থির হয়ে যাচ্ছি।’

মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম

তিনি আরও বলেন, ‘ঈদের আগে যখন বিভিন্ন অ্যাক্সিডেন্টের খবর দেখছিলাম এত খারাপ লাগছিল! কিন্তু এরমধ্যেই আমার সঙ্গে এমন কিছু হবে ভাবিনি। আমি যে বাঁচব সেটাই তো কল্পনা করিনি। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আমার বাবা-মায়ের দোয়ায় বেঁচে গেছি। ভয়ঙ্কর একটা সময় গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো মরেই যাব, আর হয়তো ফেরা হবে না আমার। যারা এই মুহূর্তটাতে আমার পাশে ছিলেন, খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম

চিকিৎসক এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন জানিয়ে বৃষ্টি বলেন, ‘দেড় মাস পর্যন্ত নড়তে পারব না। প্লাস্টার খুলতে সময় লাগবে। এরমধ্যে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। প্রতি সপ্তাহে ড্রেসিং করতে হবে। সারা শরীরে এত ব্যাথা, নেওয়া যায় না। পেইন কিলার খেয়ে থাকতে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত